সাদ্দামের বক্তব্য নিয়ে যা লিখলেন ছাত্রদল নেতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। বিদেশে অবস্থান করে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ছাত্রদলের এই নেতা। পোস্টে সাদ্দাম হোসেনকে উদ্দেশ করে তিনি লেখেন, সাহস ও সততা থাকলে বিদেশে অবস্থান না করে দেশে ফিরে আইনি মোকাবিলা করা উচিত।

হামীম তার পোস্টে সাদ্দামের অবস্থান নিয়ে কটাক্ষ করে বলেন, কলকাতায় বসে সাদা পোলো টি-শার্ট পরে হুমকি কিংবা হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না। তার দাবি, দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার সাহস থাকলেই তা প্রমাণিত হবে।

এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং দলীয় নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা নিয়েও সমালোচনা করেন তিনি। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঠে নামার আহ্বান জানানো হলে তাদের বিপদের মুখে পড়তে হতে পারে বলে মন্তব্য করেন হামীম।

নিজের ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, যিনি নিজেই দেশের বাইরে অবস্থান করছেন, তার নির্দেশে নেতা-কর্মীদের মাঠে নামানো দায়িত্বশীল আচরণ নয়। একই পোস্টে সাদ্দাম হোসেনকে উদ্দেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয় দেখানো সম্ভব নয় বলেও কটাক্ষ করেন তিনি।

হামীমের ওই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সাদ্দাম হোসেন কিংবা ছাত্রলীগের পক্ষ থেকে এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com