শ্রমবাজারের সংকট দূর করা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে বড় ধরনের অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছে কানাডা সরকার। দেশটির নতুন ৩ বছর মেয়াদি অভিবাসন পরিকল্পনার আওতায় প্রায় ১১ লাখ ১০ হাজার বিদেশি নাগরিক দেশটিতে শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী ভিসায় প্রবেশের সুযোগ পাবেন। প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে বাংলাদেশিরাও এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (IRCC)-এর তথ্য অনুযায়ী, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর ২ লাখ ২০ হাজার অস্থায়ী কর্মী এবং ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি বছর মোট ৩ লাখ ৭০ হাজার করে তিন বছরে ১১ লাখ ১০ হাজার বিদেশি কানাডায় যাওয়ার সুযোগ পাবেন।
শিক্ষার্থী ভিসায় (Study Permit) আবেদনের প্রক্রিয়া:
প্রতিষ্ঠান নির্বাচন: শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক সামর্থ্য অনুযায়ী বিষয় এবং অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান (DLI – Designated Learning Institution) বাছাই করতে হবে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার তালিকায় অনুমোদিত কি না, তা কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (canada.ca) থেকে যাচাই করা যাবে।
ভর্তির আবেদন: সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী শিক্ষাগত সনদ, নম্বরপত্র ও ভাষাগত দক্ষতার (যেমন: IELTS) প্রমাণপত্র দিয়ে আবেদন করতে হবে।
ভর্তির অনুমোদন: প্রতিষ্ঠান থেকে ‘লেটার অব অ্যাকসেপ্টেন্স’ (LOA) বা ভর্তির চিঠি পাওয়ার পর এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রভিন্সিয়াল অ্যাটেসটেশন লেটার (PAL) সংগ্রহ করতে হবে।
ভিসা আবেদন ও ফি: এরপর কানাডা সরকারের ওয়েবসাইটে পাসপোর্ট, আর্থিক সচ্ছলতার প্রমাণ এবং অন্যান্য নথিসহ স্টাডি পারমিটের আবেদন জমা দিতে হবে। স্টাডি পারমিট ফি বাবদ ১৫০ কানাডিয়ান ডলার এবং বায়োমেট্রিকের জন্য ৮৫ কানাডিয়ান ডলার জমা দিতে হবে।
কর্মী ভিসায় (Work Permit) যাওয়ার নিয়ম:
কাজের সন্ধান: কর্মী ভিসায় যেতে হলে সাধারণত আগে কানাডার কোনো নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির অফার (Job Offer) পেতে হয়। এর জন্য কানাডা সরকারের অফিশিয়াল জব পোর্টাল ‘জব ব্যাংক’ (jobbank.gc.ca)-এ গিয়ে বিদেশি প্রার্থীদের জন্য উন্মুক্ত পদগুলো খুঁজে সিভি পাঠাতে হবে।
চাকরির অফার ও এলএমআইএ (LMIA): নিয়োগকর্তা আগ্রহী হলে ইন্টারভিউয়ের মাধ্যমে লিখিত চুক্তিপত্র দেবেন। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তাকে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (LMIA) অনুমোদন নিতে হয় (যার ফি নিয়োগকর্তা বহন করবেন, কর্মীর কাছ থেকে নেওয়া নিয়মবহির্ভূত)। যেসব ক্ষেত্রে LMIA লাগে না, সেখানে নিয়োগকর্তা ‘অফার অব এমপ্লয়মেন্ট’ নম্বর প্রদান করেন।
ওয়ার্ক পারমিট আবেদন ও ফি: জব অফার ও প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর canada.ca ওয়েবসাইটে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। এর ফি ১৫৫ কানাডিয়ান ডলার এবং বায়োমেট্রিক ফি ৮৫ কানাডিয়ান ডলার।
আবেদন জমা দেওয়ার পর শিক্ষার্থী ও কর্মী উভয়কেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা (Medical Exam) এবং বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে, এটি কানাডা সরকারের কোনো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি নয়; বরং তিন বছরের একটি অভিবাসন লক্ষ্যমাত্রা। তাই কানাডায় যেতে আগ্রহীদের প্রথমে নিজ যোগ্যতায় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে অথবা বৈধ চাকরির অফার সংগ্রহ করে নির্ধারিত সরকারি নিয়ম মেনে ভিসার জন্য আবেদন করতে হবে।
সূত্র :শেয়ার নিউজ