নিরাপত্তা ঝুঁকি ও জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশে ভ্রমণ না করতে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা ‘লেভেল-৪’ জারি রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই সতর্কতার অর্থ হলো, কোনো পরিস্থিতিতেই এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সতর্কতার তালিকায় থাকা ছয়টি দেশ হলো—ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি সহায়তা পাওয়াও কঠিন হতে পারে। এ কারণে কোনো কারণেই দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশ ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি রেখেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ এ তালিকায় রয়েছে।
মার্কিন প্রশাসনের এ সতর্কতা মূলত দেশটির নাগরিকদের জন্য জারি করা হয়েছে। তবে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্যও এসব দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ।