জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৭২ পড়া হয়েছে

জাপানের পূর্বাঞ্চলে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিবা ও ইবারাকি প্রিফেকচারে এসব ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্প দুটির কোনোটি থেকেই সুনামির আশঙ্কা তৈরি হয়নি বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

দেশটির আবহাওয়া সংস্থার তথ্যের বরাত দিয়ে জাপানের বার্তা সংস্থা কিয়োদো নিউজ ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্ব চিবা প্রিফেকচারে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ৪ দশমিক ৮ বলে জানানো হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের ভূমিকম্পের তীব্রতা পরিমাপের সাত মাত্রার স্কেলে চিবা প্রিফেকচারের আসাহি শহরে প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের কয়েকটি এলাকাতেও কম্পন অনুভূত হয়।

এর প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে ইবারাকি প্রিফেকচারে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ০ এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে।

দ্বিতীয় ভূমিকম্পে ইবারাকি প্রিফেকচারের হিতাচিওমিয়া শহরে কম্পনের তীব্রতা ছিল ৩। তবে এ ভূমিকম্পের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবারের দুটি ভূমিকম্পের কোনোটিই সুনামি সৃষ্টি করেনি। এ কারণে উপকূলীয় এলাকায় সুনামি নিয়ে কোনো সতর্কতা জারি করার প্রয়োজন হয়নি।

সাম্প্রতিক সময়ে জাপানের পূর্বাঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবা এলাকায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এ ছাড়া গত ২৩ আগস্ট একই অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে টোকিওতে ৪০ জনের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়।

ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে জাপানে নিয়মিতই ছোট-বড় কম্পন অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে পরপর কয়েকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশটির ভূমিকম্প পরিস্থিতি নিয়ে আবারও মানুষের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com