ড্রাইভিং লাইসেন্স করতে লাগবে যেসব কাগজ, আবেদন করবেন যেভাবে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪০ পড়া হয়েছে

লাইসেন্স করতে আগ্রহীদের জন্য আবেদনপ্রক্রিয়া সহজ করার তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির নির্ধারিত নিয়ম অনুসরণ করে মাত্র দুই ধাপে সম্পন্ন করা যাবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পুরো প্রক্রিয়া। প্রথমে নিতে হবে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স। এরপর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হলে করা যাবে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের আবেদন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ড্রাইভিং লাইসেন্সের আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে বিআরটিএ।

প্রথম ধাপ: শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ হলো শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স সংগ্রহ করা। এ জন্য প্রথমে বিআরটিএর সার্ভিস পোর্টাল (বিএসপি)-এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের সময় প্রয়োজন হবে চিকিৎসা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ নির্ধারিত অন্যান্য নথিপত্র।

বিআরটিএর নির্ধারিত ফি অনুযায়ী, এক ক্যাটাগরির শিক্ষানবিশ লাইসেন্সের জন্য ৫১৮ টাকা এবং দুই ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৭৪৮ টাকা জমা দিতে হবে।

প্রশিক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

লার্নার লাইসেন্স পাওয়ার পর আবেদনকারীকে প্রয়োজনীয় ড্রাইভিং প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে অংশ নিতে হবে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায়। এসব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার সুযোগ পাওয়া যাবে।

দ্বিতীয় ধাপ: চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের আবেদন

শিক্ষানবিশ লাইসেন্সের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরীক্ষার ধাপ শেষ হলে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হবে। এ আবেদনও বিআরটিএর সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমে অনলাইনে করা যাবে।

বিআরটিএর তথ্য অনুযায়ী, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য নির্ধারিত ফি ৪ হাজার ৬২৮ টাকা। অন্যদিকে, পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে জমা দিতে হবে ২ হাজার ৮৩২ টাকা।

তবে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের ক্ষেত্রে ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদন অনুমোদনের পর মিলবে ই-ড্রাইভিং লাইসেন্স

চূড়ান্ত আবেদন অনুমোদিত হলে আবেদনকারী ই-ড্রাইভিং লাইসেন্স পাবেন। এ ছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করলে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে বলে জানিয়েছে বিআরটিএ।

তাই ড্রাইভিং লাইসেন্স করতে আগ্রহীদের আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং বিআরটিএর নির্ধারিত নিয়ম ও ফি সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com