বন্ধ বিও খুলে দেওয়ায় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে-ডিবিএ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭৬ পড়া হয়েছে

বিডি শেয়ার রিপোর্ট: দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও (Beneficiary Owner) হিসাবসমূহে পুনরায় লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বিনিয়োগকারী ও পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় এ ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাননীয় চেয়ারম্যান জনাব মাসুদ খান, সম্মানিত কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) ডিবিএর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল।

এই প্রেক্ষাপটে ডিবিএ গত ২০ জুলাই ২০২৬ তারিখে বিএসইসির মাননীয় চেয়ারম্যান বরাবর একটি লিখিত আবেদন পেশ করে। আবেদনে আইনগত বা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থা কিংবা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবসমূহ পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়।

ডিবিএর এ আবেদন গুরুত্বসহকারে ও সুবিবেচনার সঙ্গে বিবেচনা করে বন্ধ বিও হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় সংগঠনটির প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম কমিশনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ডিবিএ বিশ্বাস করে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে পুঁজিবাজারে তারল্য প্রবাহ ও লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে এবং বাজারের প্রতি তাঁদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে, মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে পুনরায় স্বাভাবিক ও সক্রিয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ফিরে পাবে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সামগ্রিক পুঁজিবাজারের কার্যকর অংশগ্রহণ ও গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

ডিবিএ দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের গৃহীত পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে অতীতের মতো ভবিষ্যতেও বিএসইসিসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে এবং প্রয়োজনীয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

বিডি শেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com