তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪৭ পড়া হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতনের মুখে পড়েছে ভারতের শেয়ারবাজার। সোমবার (১২ অক্টোবর) দিনভর উত্থান-পতনের পর প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি কমেছে। এতে আবারও লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।

দিনের শুরুতে বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ৪০০ পয়েন্টের বেশি বেড়েছিল। তবে সেই উত্থান স্থায়ী হয়নি। একপর্যায়ে সূচকটি প্রায় ১ হাজার পয়েন্ট কমে যায়। শেষ পর্যন্ত সেনসেক্স ৫৪৮ পয়েন্ট কমে ৭১ হাজার ৯২৫ পয়েন্টে দাঁড়ায়। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫০ সূচক কমেছে ১৫৭ পয়েন্ট। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ২২ হাজার ৩৬৩ পয়েন্ট।

তেলের দাম ও বন্ডের সুদে চাপ

বাজারসংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেলের উচ্চ দাম এবং বন্ডের সুদের হার বাড়ার কারণে শেয়ারবাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে। শুরুতে ভারতীয় মুদ্রা রুপির দর বাড়ায় বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও পরে তা ধরে রাখা সম্ভব হয়নি। ডলারের বিপরীতে রুপির দর ৯৮ পয়সা বেড়ে ৯৫ টাকা ৭৫ পয়সায় পৌঁছায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) নীতিসুদ বাড়ানোর পর বন্ডবাজারে বিক্রির চাপ বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।

যেসব শেয়ারে দরপতন, যেসব খাতে উত্থান

নিফটি সূচকে দরপতনের তালিকায় ছিল টেক মাহিন্দ্রা, আইটিসি, লারসেন অ্যান্ড টুব্রো, হিন্দালকো ও হিন্দুস্তান ইউনিলিভার। বিপরীতে ড. রেড্ডিস ল্যাবরেটরিজ, বাজাজ অটো, ভারত ইলেকট্রনিকস, বিএসই লিমিটেড এবং টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ি বিভাগের শেয়ারে দর বেড়েছে।

খাতভিত্তিক সূচকে সবচেয়ে বেশি, ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে নিফটি মিডিয়া সূচক। এ ছাড়া গাড়ি নির্মাণ খাতের সূচক ০ দশমিক ৯ শতাংশ, আবাসন খাতের সূচক ১ শতাংশ এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতের সূচক ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, তথ্যপ্রযুক্তি, ধাতু, বেসরকারি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য খাতের সূচকগুলো ০ দশমিক ৪ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত কমেছে।

প্রধান দুই সূচকের পতন হলেও ছোট মূলধনি কোম্পানির শেয়ারে ছিল ভিন্ন চিত্র। নিফটি মিডক্যাপ সূচক প্রায় অপরিবর্তিত থাকলেও স্মলক্যাপ সূচক বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ, বড় কোম্পানির শেয়ারে দরপতন হলেও ছোট কোম্পানির বেশ কিছু শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com