আইপিওতে ছাড় চায় সাধারণ বিনিয়োগকারীরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮৭ পড়া হয়েছে

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসা কোম্পানির শেয়ার কাট-অফ প্রাইসের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কম দামে পেতে চান সাধারণ বিনিয়োগকারীরা। এ জন্য আগের মতো মূল্যছাড়ের সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছেন তাঁরা। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রস্তাবিত বিধিমালা সংশোধনীর খসড়ায় এ সুযোগ রাখা হয়নি। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট-অফ প্রাইসেই সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনতে হবে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার কমিশনে লিখিত আবেদন করেছেন ১৫ থেকে ১৬ জন বিনিয়োগকারী।

বিনিয়োগকারীদের দাবি, আগে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট-অফ প্রাইসের চেয়ে কম দামে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কেনার সুযোগ ছিল। নতুন বিধিমালায় সেই সুবিধা বাতিল হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারের দাম কম পাওয়ার সুযোগ থাকছে না। তাঁদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নির্ধারিত দরেই সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনতে বাধ্য করা হলে বিনিয়োগের ঝুঁকি বাড়তে পারে।

বিএসইসির প্রকাশিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) বিধিমালা, ২০২৫ সংশোধনের খসড়া প্রজ্ঞাপনে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কাট-অফ প্রাইসের চেয়ে কম দামে শেয়ার কেনার সুযোগ রাখা হয়নি। প্রস্তাব অনুযায়ী, যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এলিজিবল ইনভেস্টরস) বিডিংয়ে যে দর প্রস্তাব করবেন, সেই দরেই শেয়ার পাবেন। তবে তাঁদের বিডিংয়ের সর্বনিম্ন দর হবে কাট-অফ প্রাইস। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনতে হবে কাট-অফ প্রাইসে। অর্থাৎ, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারের দামের কোনো পার্থক্য থাকছে না।

এর আগে ২০১৫ সালের পাবলিক ইস্যু বিধিমালা অনুযায়ী, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত কাট-অফ প্রাইসের চেয়ে ১০ শতাংশ কম দামে শেয়ার পেতেন সাধারণ বিনিয়োগকারীরা। বিশেষ ক্ষেত্রে বিএসইসি এ ছাড় বাড়িয়ে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত করেছিল। কিন্তু ২০২৫ সালের নতুন বিধিমালায় সেই সুযোগ বাতিল করে সব শ্রেণির বিনিয়োগকারীর জন্য একই দামে শেয়ার বরাদ্দের বিধান করা হয়। এবার সংশোধনীর খসড়াতেও সাধারণ বিনিয়োগকারীদের জন্য আগের মূল্যছাড় ফিরিয়ে আনার প্রস্তাব রাখা হয়নি।

বিনিয়োগকারী মো. শাহজাহান বলেন, ‘আগে কাট-অফ প্রাইসের চেয়ে ২০ থেকে ৩০ শতাংশ কমে আমরা সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার পেতাম। এখন কাট-অফ প্রাইস তো নির্ধারণ করছে, কিন্তু কম দামে শেয়ার পাওয়ার যে সুযোগ ছিল, সেটা আর আমাদের দেওয়া হবে না।’

আরেক বিনিয়োগকারী মোহাম্মদ আবু সায়েম বলেন, ‘কেন আমরা সাধারণ বিনিয়োগকারীরা বিডিংয়ের ওই দরেই শেয়ার নেব? আমাদের ২০ থেকে ৩০ শতাংশ কম দামে শেয়ার দেওয়া হোক।’

তবে বিএসইসির কর্মকর্তারা মনে করেন, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে কাট-অফ প্রাইস নির্ধারিত হলে সেটিকেই শেয়ারের ন্যায্য মূল্য হিসেবে বিবেচনা করা উচিত। সে ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য আলাদা করে মূল্যছাড় দেওয়ার প্রয়োজন নেই। তাঁদের মতে, শেয়ারের দাম নির্ধারণের দায়িত্ব বাজারের ওপর ছেড়ে দেওয়া উচিত। কমিশন প্রশাসনিকভাবে আলাদা মূল্যছাড় নির্ধারণ করে দিলে তা বাজারভিত্তিক মূল্য আবিষ্কারের ধারণার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বিএসইসির কর্মকর্তারা আরও বলেন, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের মাধ্যমে শেয়ারের দাম নির্ধারণ করা হয়। তাই সাধারণ বিনিয়োগকারীদের জন্যও কাট-অফ প্রাইস প্রযোজ্য হওয়া উচিত। আন্তর্জাতিক বাজারেও এ ধরনের চর্চা রয়েছে।

তবে এই পদ্ধতিতে শেয়ারের দাম নির্ধারণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিং কতটা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক, তা গুরুত্বপূর্ণ। কারণ, বিডিংয়ে যোগসাজশ বা কারসাজি হলে নির্ধারিত কাট-অফ প্রাইস প্রকৃত বাজারমূল্যকে প্রতিফলিত না-ও করতে পারে। এতে সাধারণ বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি দামে শেয়ার কিনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

বিডিংয়ে কারসাজি বা যোগসাজশের আশঙ্কা প্রসঙ্গে বিএসইসির কর্মকর্তারা বলেন, কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা প্রতিষ্ঠান চক্রবদ্ধভাবে দর প্রস্তাব করে মূল্য কারসাজির চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোটা বাতিল, লাইসেন্স বাতিল কিংবা এনফোর্সমেন্ট ব্যবস্থার আওতায় ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি ফৌজদারি মামলাও করা হতে পারে।

কর্মকর্তারা আরও বলেন, ২০২৫ সালের বিধিমালায় প্রথমবারের মতো বিডিংয়ে কারসাজি বা যোগসাজশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। আগে এ ধরনের অভিযোগ তদন্তের জন্য সুস্পষ্ট আইনি ভিত্তি ছিল না। এখন অভিযোগ বা তথ্য পাওয়া গেলে কমিশন তদন্ত করতে পারবে। তবে যোগসাজশ শনাক্ত করার জন্য স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা নেই। অভিযোগ বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত করে তা প্রমাণ করতে হবে।

বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম বলেন, ২০২৫ সালের পাবলিক অফার বিধিমালা অনুযায়ী কাট-অফ প্রাইসেই সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেওয়ার বিধান রয়েছে। আন্তর্জাতিকভাবেও এ ধরনের চর্চা প্রচলিত।

কাট-অফ প্রাইসে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান। তার মতে, বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিংয়ের মাধ্যমে শেয়ারের মূল্য নির্ধারণ হলে কারসাজির সুযোগ কমে আসবে।

মনিরুজ্জামান বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে দরে বিড করবেন, তাঁদের সেই দরেই শেয়ার কিনতে হবে। ফলে কেউ বেশি দামে বিড করে কারসাজির চেষ্টা করলে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে। কারণ, বিডিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কাছে জবাবদিহি করতে হয়। বাজারে শেয়ারের মূল্যায়ন বিড করা দরের চেয়ে কম হলে প্রতিষ্ঠানকে লোকসানের মুখে পড়তে হবে।

তিনি আরও বলেন, শেয়ারে লক-ইন থাকায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সব শেয়ার প্রথম দিনেই বিক্রি করতে পারবেন না। নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁদের শেয়ারের একটি অংশ ধরে রাখতে হবে। এর মধ্যে কোম্পানির প্রান্তিক আর্থিক প্রতিবেদনও প্রকাশিত হবে। কোম্পানির আয় ও ব্যবসায়িক ফলাফল খারাপ হলে শেয়ারের দাম কমে যাওয়ার ঝুঁকি থাকবে।

মনিরুজ্জামানের মতে, শেয়ারের সঠিক মূল্য নির্ধারণ করা অত্যন্ত কঠিন। তাই প্রশাসনিকভাবে দাম নির্ধারণ করে দেওয়ার পরিবর্তে বাজারের চাহিদা ও সরবরাহের ওপর তা ছেড়ে দেওয়া উচিত। আন্তর্জাতিক বাজারেও অনেক আইপিও তালিকাভুক্তির প্রথম দিনেই দর হারায়। পরে আবার দাম বাড়তে পারে।

তিনি বলেন, বিএসইসি আগে ফর্মুলার মাধ্যমে শেয়ারের দাম নির্ধারণের চেষ্টা করেছিল। এতে অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একই দরে বিড করতেন। ফলে প্রকৃত প্রতিযোগিতামূলক বিডিং এবং শেয়ারের ন্যায্য মূল্য আবিষ্কারের সুযোগ তৈরি হতো না। আবার ইস্যুয়ার প্রত্যাশিত মূল্য না পেলে পুঁজিবাজারে আসতে আগ্রহী হবেন না। তাই এমন মূল্য নির্ধারণ পদ্ধতি প্রয়োজন, যাতে ইস্যুয়ার ও বিনিয়োগকারী—উভয় পক্ষই বাজারে অংশ নিতে উৎসাহিত হন।

অতীতে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা কাট-অফ প্রাইসের চেয়ে অনেক কম দামে শেয়ার কেনার সুযোগ পেয়েছিলেন। ২০২৪ সালে পুঁজিবাজারে আসা বেস্ট হোল্ডিংসের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছিল ৩৫ টাকা। পরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪ টাকা দরে শেয়ার বিক্রির প্রস্তাব করা হয়। এতে কাট-অফ প্রাইসের তুলনায় ছাড়ের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৪২ শতাংশ।

একইভাবে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারের কাট-অফ প্রাইস ছিল ৫০ টাকা। তবে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারটি পেয়েছিলেন ২০ টাকায়। অর্থাৎ কাট-অফ প্রাইসের চেয়ে ৬০ শতাংশ কম দামে শেয়ার কেনার সুযোগ পেয়েছিলেন তাঁরা।

ফলে প্রস্তাবিত সংশোধনী ঘিরে মূল বিতর্ক তৈরি হয়েছে শেয়ারের মূল্য নির্ধারণ ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিয়ে। একদিকে বিএসইসি ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের একটি অংশ মনে করছে, প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত দামই সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীরা মনে করছেন, বিডিংয়ের স্বচ্ছতা ও নির্ধারিত দরের যথার্থতা নিশ্চিত না করে তাঁদের জন্য মূল্যছাড়ের সুযোগ পুরোপুরি তুলে নেওয়া ঠিক হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com