সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা আলোচনা চলার পর মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এক ভিডিওবার্তায় বিয়ের খবর প্রকাশ করেন তাঁরা।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন আসাদ নূর। সেখানে তিনি পারশার সঙ্গে নিজের সম্পর্ক এবং বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ের খবর প্রকাশের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনার পেছনে নিজেদের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন আসাদ নূর। তাঁর ভাষ্য, ইচ্ছাকৃতভাবেই কিছু সূত্র বা ইঙ্গিত সামনে রাখা হয়েছিল, যাতে ভক্ত ও নেটিজেনরা তাঁদের সম্পর্কের বিষয়টি অনুমান করতে পারেন।
একই ধরনের পোশাক পরা, পাঞ্জাবি ও শাড়ির আঁচলের মিল এবং ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার বিষয়গুলো ছিল সেই ইঙ্গিতের অংশ। এ ছাড়া ছবি আড়াল করা ও কিছু সময় নীরব থাকার মধ্য দিয়ে মানুষের কৌতূহল এবং প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করাই ছিল তাঁদের উদ্দেশ্য।
আসাদ নূর জানান, ধর্মীয় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ভারতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয়ে ভিডিওবার্তায় বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিয়ে নিয়ে সমালোচকদের উদ্দেশেও বক্তব্য দেন আসাদ নূর। তাঁর দাবি, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আগ্রহ, ধর্মীয় গোঁড়ামি এবং উগ্র জাতীয়তাবাদী মানসিকতার বিরুদ্ধে সামাজিক বার্তা দিতেই তাঁরা এমন কৌশল নিয়েছিলেন। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ও গোঁড়ামি ভাঙার উদ্দেশ্যও এতে ছিল বলে জানান তিনি।
নিজেদের রাজনৈতিক বা গোষ্ঠীগত সম্পৃক্ততার অভিযোগও নাকচ করেছেন আসাদ নূর। তাঁর দাবি, তিনি কিংবা পারশা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করছেন না। বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ বা অনুদান নেওয়ার অভিযোগও ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।
ভিডিওবার্তায় জুলাই আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন আসাদ নূর। তাঁর ভাষ্য, জুলাই অভ্যুত্থানের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ‘চলো ভুলে যাই’ গানটির মাধ্যমেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ৫ আগস্টের পরও পারশা জুলাইপন্থীদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন আসাদ নূর।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর ঘটনায় নিন্দা জানান তিনি।