সালমান এফ রহমানকে বাদ: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুযোগ পেল বেক্সিমকো গ্রুপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫২৯ পড়া হয়েছে

বিডি শেয়ার রিপোর্ট: কারাগারে থাকা সালমান এফ রহমানকে পরিচালনা পর্ষদ থেকে সম্পূর্ণ বাদ দিয়ে এবার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ। আইনি জটিলতা ও প্রাতিষ্ঠানিক অচলবস্থা কাটাতে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায়, সালমান এফ রহমানকে মাইনাস করে বেক্সিমকো লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস-এর পুনর্গঠিত পরিচালনা পর্ষদে নীতিগত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

জানা যায়,  এর আগে গত সেপ্টেম্বর মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বোর্ড থেকেও সালমান এফ রহমানকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার বাকি দুটি তালিকাভুক্ত বড় প্রতিষ্ঠান থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একটি বড় আইনি সমঝোতায় পৌঁছালো বেক্সিমকো গ্রুপ।

গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখে বিএসইসির চেয়ারম্যান জনাব মাসুদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩২তম কমিশন সভায় বিনিয়োগকারীদের স্বার্থ ও সার্বিক পুঁজিবাজারের স্থিতিশীলতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল ৭ অক্টোবর (বুধবার) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইনি সমঝোতা ও মামলার শর্ত:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর পত্রের মাধ্যমে মহামান্য আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিএসইসির এই অনাপত্তি পাওয়ার পেছনে বড় শর্ত রয়েছে। বেক্সিমকো গ্রুপকে আগে নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে উচ্চ আদালতে দায়ের করা তাদের সব রিট মামলা প্রত্যাহার করে নিতে হবে। কোম্পানি দুটি আদালত থেকে মামলা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই বিএসইসি তাদের ওপর ইতোপূর্বে জারিকৃত ৩১ ডিসেম্বর ২০২৪ এবং ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের সব কঠোর নিষেধাজ্ঞা ও পূর্ববর্তী আদেশ বাতিল ঘোষণা করবে।
কেমন হচ্ছে পুনর্গঠিত পর্ষদ:

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন বোর্ডে সালমান এফ রহমান না থাকলেও বেক্সিমকো গ্রুপের মূল প্রতিষ্ঠাতা এবং তাঁর বড় ভাই জনাব এএসএফ রহমান দুই কোম্পানিরই চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন।
বেক্সিমকো লিমিটেডের ৭ সদস্যের পর্ষদে এএসএফ রহমান চেয়ারম্যান এবং ওকে চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন। পর্ষদের অন্য মনোনীত পরিচালকেরা হলেন—ইকবাল আহমেদ, আজমল কবির এবং কামরুন নাহার আহমেদ। তবে কোম্পানিটি যাতে আগের মতো একক কর্তৃত্বে চলতে না পারে, সেজন্য বোর্ডে সুপ্রিম কোর্টের জ্যোষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হককে স্বাধীন বা স্বতন্ত্র (Independent) পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী আরও ১ জন স্বতন্ত্র পরিচালক পরে নিয়োগ দেওয়া হবে।
অনুরূপভাবে, শাইনপুকুর সিরামিকস পিএলসি-এর পর্ষদেও এএসএফ রহমান চেয়ারম্যান হিসেবে থাকছেন এবং ওক চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ পরিচালক হিসেবে বহাল থাকছেন। এই পর্ষদেও পরবর্তীতে ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে।
ব্যবসায়িক ডেডলক কাটার আশা:

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত সরকারের পতনের পর বেক্সিমকোর কোম্পানিগুলোতে সরকারি হস্তক্ষেপে স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হলে কোম্পানিগুলো আদালতে যায়। এই আইনি লড়াইয়ের কারণে দীর্ঘদিন কোনো বোর্ড মিটিং করা সম্ভব হচ্ছিল না। ফলে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর বেতন বন্ধ হওয়ার উপক্রম হয় এবং ব্যাংক ঋণ খেলাপি হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়। ব্যবসা সচল রাখতে এবং শ্রমিক অসন্তোষ দূর করার স্বার্থেই শেষ পর্যন্ত বিতর্কিত সালমান এফ রহমানকে মাইনাস করার শর্তে আদালত ও বিএসইসি এই সমঝোতার পথ বেছে নেয়।
বাজার বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ছায়া থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ পেশাদার উপায়ে এবং কঠোর আইনি নজরদারির মধ্যে ব্যবসা পরিচালনা করতেই এই বড় রদবদল। এই সমঝোতার ফলে কোম্পানি দুটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যকলাপে গতি ফিরবে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত এই শেয়ারগুলো নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দীর্ঘশ্বাস ও অনিশ্চয়তা দূর হবে।
বিডিশেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com