মুন্নু এগ্রোর কাগজপত্রে ঘাটতি, তদন্তের নির্দেশ বিএসইসির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪০৬ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক : তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে ক্রয়সংক্রান্ত নথিপত্রের ঘাটতি, বড় অঙ্কের নগদ লেনদেনসহ বিভিন্ন অসংগতির অভিযোগ উঠেছে। এসব বিষয় তদন্ত করে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বিএসইসির করপোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) বরাবর এ–সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ৩০ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট তথ্য, সহায়ক প্রমাণপত্র ও সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা করে নিরীক্ষক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে কোম্পানির বিভিন্ন ক্রয়ের পক্ষে প্রয়োজনীয় নথিপত্র না থাকা।

নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব ক্রয়ের ক্ষেত্রে মালামালের চাহিদাপত্র, কার্যাদেশ, ক্রয়াদেশ, কোটেশন, পণ্য সরবরাহের চালান, পণ্য গ্রহণের রসিদ, অর্থ গ্রহণের রসিদ এবং অর্থ পরিশোধের আবেদন পাওয়া যায়নি। ফলে আর্থিক বিবরণীতে দেখানো সংশ্লিষ্ট ব্যয়ের যৌক্তিকতা যাচাই করা সম্ভব হয়নি বলে নিরীক্ষক উল্লেখ করেছেন।

কোনো প্রতিষ্ঠানের ক্রয়প্রক্রিয়ায় এসব নথি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে পণ্য বা সেবা কেনার প্রয়োজনীয়তা, অনুমোদন, বিক্রেতা, মূল্য, সরবরাহ এবং অর্থ পরিশোধের ধারাবাহিকতা যাচাই করা যায়। ফলে নথিপত্রের ঘাটতির কারণে সংশ্লিষ্ট লেনদেনের প্রকৃত অবস্থা যাচাই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ ছাড়া কোম্পানির অর্থ প্রদান ও অর্থ সংগ্রহের অধিকাংশই নগদে হয়েছে বলে নিরীক্ষকের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে। ব্যাংকিং চ্যানেলের পরিবর্তে বড় অঙ্কের লেনদেন নগদে হওয়ার বিষয়টিও তদন্তের আওতায় আনতে বলেছে বিএসইসি। এসব অর্থের উৎস, ব্যবহার এবং লেনদেনের ধারাবাহিকতা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

কোম্পানির দেওয়া ব্যাখ্যাও বিএসইসির কাছে সন্তোষজনক মনে হয়নি। চিঠিতে বলা হয়েছে, কোম্পানির জবাব নিরীক্ষকের উত্থাপিত পর্যবেক্ষণের সঙ্গে যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে শুধু হিসাবের অঙ্ক নয়, সংশ্লিষ্ট লেনদেনের পেছনের বাস্তব চিত্রও যাচাই করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।

তদন্তে ডিএসইকে কয়েকটি বিষয় বিশেষভাবে যাচাই করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে লেনদেনের সত্যতা, কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা এবং আর্থিক বিবরণীতে প্রদর্শিত ব্যয়ের যৌক্তিকতা। পাশাপাশি নগদ লেনদেনের অর্থপ্রবাহ যথাযথভাবে অনুসরণযোগ্য কি না, সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্বাভাবিক ব্যবসায়িক শর্ত ও বাজারমূল্যের বাইরে কোনো লেনদেন হয়েছে কি না, তাও তদন্ত করবে ডিএসই। একই সঙ্গে আর্থিক বিবরণীতে কোনো ভুল বা অসংগতি রয়েছে কি না এবং সার্বিক পরিস্থিতিতে নিরীক্ষকের রিপোর্টিং সিদ্ধান্ত যথাযথ ছিল কি না, তা যাচাই করতে বলা হয়েছে।

এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মুন্নু অ্যাগ্রোর আর্থিক বিবরণী নিয়ে ডিএসইর করপোরেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমিটি বিএসইসিকে একটি পর্যবেক্ষণ পাঠায়। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই এবার ডিএসইকে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।

বিএসইসির এই তদন্তের মাধ্যমে মুন্নু অ্যাগ্রোর আর্থিক বিবরণীতে উঠে আসা অসংগতির প্রকৃত কারণ, সংশ্লিষ্ট লেনদেনের বৈধতা এবং কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে আরও স্পষ্টতা পাওয়া যেতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com