পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত খাতের দুই কোম্পানি বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডে আর্থিক চাপের ধরন ভিন্ন। বিএসআরএম লিমিটেডের বিক্রি বাড়লেও কমেছে মোট মুনাফার মার্জিন ও পরিচালন নগদপ্রবাহ। একই সময়ে বেড়েছে বাণিজ্যিক পাওনা।
অন্যদিকে বিএসআরএম স্টিলসের মূল চাপ ঋণনির্ভরতায়। কোম্পানিটির মোট ঋণ ৪ হাজার কোটি টাকার বেশি, যা শেয়ারহোল্ডারদের ইক্যুইটির চেয়েও বেশি। একই সঙ্গে বেড়েছে সুদ ব্যয়। তবে কোম্পানিটির মুনাফা ও পরিচালন নগদপ্রবাহ বেড়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে বিএসআরএম লিমিটেডের পণ্য বিক্রি হয়েছে ৮ হাজার ৩৪ কোটি ৭৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে বিক্রি ছিল ৬ হাজার ৮৮২ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ বিক্রি বেড়েছে ১৬ দশমিক ৭৪ শতাংশ।
তবে বিক্রি বাড়লেও মোট মুনাফা কমেছে। প্রথম নয় মাসে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৭১২ কোটি ৮৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩৭ কোটি ৪ লাখ টাকা বা ১৬ দশমিক ১২ শতাংশ কম। কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, পণ্যের গড় বিক্রিমূল্য কমে যাওয়ায় মোট মুনাফায় চাপ তৈরি হয়েছে। একই সময়ে কাঁচামালের ব্যয় তুলনামূলক স্থিতিশীল ছিল।
মুনাফার পাশাপাশি পরিচালন কার্যক্রম থেকে নগদপ্রবাহও কমেছে। প্রথম নয় মাসে পরিচালন নগদপ্রবাহ হয়েছে ৬৯৬ কোটি ৬০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৭০ কোটি ৭৩ লাখ টাকা। শেয়ারপ্রতি পরিচালন নগদপ্রবাহ ২৯ দশমিক ১৬ টাকা থেকে কমে হয়েছে ২৩ দশমিক ৩৩ টাকা।
এদিকে ৩১ মার্চ ২০২৬ তারিখে বিএসআরএম লিমিটেডের ট্রেড ও অন্যান্য পাওনা দাঁড়িয়েছে ৪২৪ কোটি ৩৫ লাখ টাকা। ৩০ জুন ২০২৫ তারিখে এই পাওনা ছিল ২১৭ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ নয় মাসে পাওনা প্রায় দ্বিগুণ হয়েছে।
অন্যদিকে বিএসআরএম স্টিলসের আর্থিক চিত্র ভিন্ন। ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণ ছিল ২ হাজার ৮৪ কোটি ৬১ লাখ টাকা। এর চলতি অংশ ২৪৭ কোটি ২ লাখ টাকা। এ ছাড়া স্বল্পমেয়াদি ঋণ ছিল ১ হাজার ৭৩৩ কোটি ৭৬ লাখ টাকা। সব মিলিয়ে মোট ঋণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬৫ কোটি ৪০ লাখ টাকা। ফাইন্যান্স লিজসহ এ দায়ের পরিমাণ ৪ হাজার ৭৬ কোটি ৮০ লাখ টাকা। বিপরীতে কোম্পানিটির মোট ইক্যুইটি ৩ হাজার ৬৬০ কোটি ২১ লাখ টাকা।
স্বল্পমেয়াদি ঋণের বড় অংশই অ্যাকসেপ্টেড বিলস ফর পেমেন্ট। ১ হাজার ৭৩৩ কোটি ৭৬ লাখ টাকার স্বল্পমেয়াদি ঋণের মধ্যে এ খাতে দায় রয়েছে ১ হাজার ৬০৩ কোটি ১৭ লাখ টাকা। এক বছর আগে এ দায় ছিল ১ হাজার ১ কোটি ৮৬ লাখ টাকা।
ঋণের সঙ্গে বেড়েছে সুদ ব্যয়ও। প্রথম নয় মাসে কোম্পানিটির ফাইন্যান্স কস্ট হয়েছে ২৩১ কোটি ২৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২০৭ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ বেড়েছে ১১ দশমিক ৫২ শতাংশ।
তবে ঋণ ও সুদ ব্যয়ের চাপের মধ্যেও বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়েছে। প্রথম নয় মাসে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৩২ কোটি ৩ লাখ টাকা। শেয়ারপ্রতি মুনাফা ৯ দশমিক ১২ টাকা থেকে বেড়ে হয়েছে ১১ দশমিক ৪৯ টাকা।
বিএসআরএম স্টিলসের গত পাঁচ বছরে শেয়ারপ্রতি মুনাফা ৯ দশমিক ৭৬ থেকে ২০ দশমিক ৫৭ টাকার মধ্যে ছিল। এ সময়ে সর্বোচ্চ ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
এ বিষয়ে বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত ও কোম্পানি সচিব শেখর রঞ্জন করের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আগামীর সময়