চেয়ারম্যানের নামে ভুয়া সংবাদ প্রচারের দাবি বিএসইসির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৪৫ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে ‘ভুয়া ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রচারের অভিযোগ করেছে কমিশন। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হতে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

তবে বিএসইসির এ দাবির পরিপ্রেক্ষিতে প্রকাশিত তথ্যের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, গত ১৮ আগস্ট দৈনিক আগামীর সময়ে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে পুঁজিবাজারে কারসাজি ও গুরুতর অনিয়মের ঘটনায় প্রয়োজনে ফৌজদারি মামলা করার কথা তিনি নিজেই বলেছেন। ওই সাক্ষাৎকারের ভিত্তিতে পরদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

বিএসইসি যা বলছে

বুধবার (১৯ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে বিএসইসি চেয়ারম্যানের নাম উদ্ধৃত করে পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউজ, ডাইরেক্ট লিস্টিং ও বন্ড মার্কেটসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রকাশ করা হয়েছে।

কমিশনের দাবি, যেসব সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সেসব মাধ্যমে তার নামে প্রকাশিত বা উদ্ধৃত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার সুযোগ নেই। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিজস্বভাবে প্রস্তুত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার করা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর বলেও জানিয়েছে কমিশন।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও তথ্য শেয়ার করা হচ্ছে বলেও জানিয়েছে বিএসইসি। এসব প্রচারে চেয়ারম্যান ও কমিশনের অবস্থান সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে কমিশন।

বিএসইসি বলেছে, পুঁজিবাজারের মতো সংবেদনশীল ক্ষেত্রে চেয়ারম্যান বা কমিশনারের নামে বক্তব্য প্রকাশের সময় সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করা প্রয়োজন। তথ্যের সত্যতা যাচাই না করে তা প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তারা।

কমিশনের কোনো সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য বিএসইসির ওয়েবসাইট, অনুমোদিত সংবাদ বিজ্ঞপ্তি এবং মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করতে বলা হয়েছে।

আগস্টের সাক্ষাৎকারে কী বলা হয়েছিল?

১৮ আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানকে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, কারসাজি, ব্রোকারেজ হাউসের অনিয়ম, ডাইরেক্ট লিস্টিং, বন্ড মার্কেট এবং প্রযুক্তিনির্ভর নজরদারি নিয়ে প্রশ্ন করা হয়।

‘বিনিয়োগকারীর আস্থা ফেরাতে কী পরিবর্তন আনতে চান?’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দীর্ঘদিনের অনিয়ম, কারসাজি ও দুর্বল নজরদারির কারণে আস্থার সংকট তৈরি হয়েছে। শুধু সূচক বাড়িয়ে আস্থা ফেরানো যাবে না। বিনিয়োগকারীকে দেখতে হবে— নিয়ম সবার জন্য সমান, এর অর্থ নিরাপদ এবং অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুরক্ষিত ও নিয়মতান্ত্রিক পরিবেশ তৈরি হলেই প্রকৃত আস্থা ফিরবে।’

কারসাজির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মাসুদ খান বলেন, ‘সাধারণ ঘটনায় প্রয়োজন অনুযায়ী জরিমানা করা হবে। কিন্তু গুরুতর বা উচ্চ প্রোফাইলের ঘটনায় শুধু জরিমানা করে থামতে চাই না। প্রয়োজন হলে ফৌজদারি মামলাও করা হবে। গুরুতর অনিয়ম করলে শুধু অর্থদণ্ড দিয়ে পার পাওয়া যাবে না।’

এই বক্তব্যের ভিত্তিতেই ১৮ আগস্ট ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এতে চেয়ারম্যানের কারসাজি, ব্রোকারেজ হাউসের অনিয়ম, ডাইরেক্ট লিস্টিং, বন্ড মার্কেট ও প্রযুক্তিনির্ভর নজরদারি নিয়ে দেওয়া বক্তব্যও তুলে ধরা হয়।

‘ভুয়া’ বলার জায়গাটি কোথায়?

এখানেই বিএসইসির বুধবারের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কমিশন বলছে, চেয়ারম্যান কোনো কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার বা বক্তব্য দেননি। অন্যদিকে, ১৮ আগস্ট প্রকাশিত সাক্ষাৎকারে চেয়ারম্যানের নাম, বক্তব্য এবং বিভিন্ন বিষয়ে তার উত্তর স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ওই সাক্ষাৎকারের বক্তব্যের সঙ্গে পরদিন প্রকাশিত ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামের প্রতিবেদনের বিষয়বস্তুরও মিল রয়েছে।

তবে বিএসইসির বক্তব্যের গুরুত্বপূর্ণ দিক হলো, চেয়ারম্যান যেসব সংবাদমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দেননি, সেসব মাধ্যমে তাঁর নামে প্রকাশিত বক্তব্যকে কমিশন তার আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে স্বীকার করছে না।

অর্থাৎ, প্রশ্নটি শুধু বক্তব্যটি বলা হয়েছিল কি না, তা নয়; কোন মাধ্যমে, কী প্রক্রিয়ায় এবং কোন উৎস থেকে বক্তব্য নেওয়া হয়েছিল, সেটিও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারের রেকর্ড, বক্তব্যের উৎস বা সংশ্লিষ্ট প্রমাণ থাকলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।

আগেও বক্তব্য নিয়ে বিএসইসির সতর্কতা

মাসুদ খান বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অনুষ্ঠান ও মতবিনিময় সভায় তার বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর আগে ১২ জুলাই একটি অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান বন্ধ কোম্পানির বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওই বক্তব্যের ভিত্তিতে গণমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বন্ধ কোম্পানি তালিকাচ্যুত করা হবে’—এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করে বিএসইসি। কমিশন জানায়, এসব কোম্পানিকে এক বছরের মধ্যে কার্যক্রমে ফিরে আসার সুযোগ দেওয়া হতে পারে।

এর আগে ২ জুলাই ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) আয়োজিত পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক প্রতিবেদনের পরিবর্তে সংক্ষিপ্ত আর্থিক প্রতিবেদন চালুর পরিকল্পনার কথা বলেন। একই সঙ্গে আইপিও প্রক্রিয়া সহজ করা এবং কাগজনির্ভর কার্যক্রম কমিয়ে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার পরিকল্পনার কথাও জানান।

এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে ‘ত্রৈমাসিক নয়, সংক্ষিপ্ত হবে আর্থিক প্রতিবেদন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই বক্তব্যকেও বিভ্রান্তিকর বলে দাবি করে বিএসইসি।

বক্তব্যের উৎস স্পষ্ট হওয়া জরুরি

পুঁজিবাজারের মতো স্পর্শকাতর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়া বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের বিষয়। বিশেষ করে কারসাজি, জরিমানা, ফৌজদারি মামলা বা কোনো কোম্পানির তালিকাভুক্তির মতো বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য বাজারে প্রভাব ফেলতে পারে।

বিএসইসির দাবি অনুযায়ী কোনো বক্তব্য যদি চেয়ারম্যানের না হয়ে থাকে, তাহলে কমিশনের উচিত নির্দিষ্ট করে কোন বক্তব্য বা কোন প্রতিবেদনের তথ্যকে তারা ‘ভুয়া’ বা ‘বিভ্রান্তিকর’ বলছে, তা স্পষ্ট করা। একইভাবে সংবাদমাধ্যমের কাছেও সাক্ষাৎকার বা বক্তব্যের প্রমাণ থাকলে তা পরিষ্কার করা দরকার। এতে বিভ্রান্তি কমবে এবং বিনিয়োগকারীদের কাছে প্রকৃত তথ্য পৌঁছানো সহজ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com