আবারও তারল্য সংকটের ঝুঁকিতে পড়ছে পুঁজিবাজার: নভেম্বরে শেষ হচ্ছে বিশেষ তহবিলের মেয়াদ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৫৬ পড়া হয়েছে
বিডি শেয়ার রিপোর্ট: এমনিতেই তারল্য সংকটে স্থবির দেশের পুঁজিবাজার। তারওপর ব্যাংকগুলোর যে ২০০ কোটি টাকার বিনিয়োগ তহবিল রয়েছে তারও মেয়াদ নভেম্বরেই শেষ হচ্ছে। যে কারণে এই ঝুঁকি মোকাবেলায় আরও মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করেছে ডিবিএ।
জানা যায়, দেশের পুঁজিবাজারে চলমান তারল্য সংকট মোকাবিলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার সীমা প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে এই সুবিধার মেয়াদ আরও ৫ বছর, অর্থাৎ ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
জানা গেছে, এ দাবির বিষয়ে গত ৬ অক্টোবর ২০২৬ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ-এর কাছে দাখিল করা হয়েছে। চিঠির একটি অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান জনাব মাসুদ খান-এর কাছেও পাঠানো হয়েছে।
ডিবিএ তাদের চিঠিতে উল্লেখ করেছে, পুঁজিবাজারে বিনিয়োগ ও এর উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের চালু করা বিশেষ তহবিল সুবিধাটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, বাজারের তারল্য ও স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। বর্তমানে প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত বিশেষ তহবিল গঠন করতে পারে। তবে এ সুবিধার বর্তমান মেয়াদ আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়ার কথা রয়েছে।
সংগঠনটি মনে করে, দেশের পুঁজিবাজারে বিদ্যমান তারল্য সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাজনিত বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই বিশেষ তহবিল সুবিধা প্রত্যাহার না করে, বরং এটিকে আরও শক্তিশালী করা প্রয়োজন। এই লক্ষ্যে ডিবিএ প্রধান দুটি প্রস্তাব পেশ করেছে:
১) প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য বিশেষ তহবিলের সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা।
২) এই বিশেষ সুবিধার মেয়াদ ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত আরও ৫ বছর বাড়ানো।
ডিবিএর মতে, এই বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বৃদ্ধি করা হলে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ প্রবাহ বাড়বে, বাজারের তারল্য ও গভীরতা বৃদ্ধি পাবে এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার হবে। পাশাপাশি দেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংগঠনটি বিশ্বাস করে।
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক এই প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করবে বলে ডিবিএ আশা প্রকাশ করেছে। একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ ব্যাংকসহ সব নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।
বিডি শেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com