মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন, তবুও শেয়ারে ছুটছেন বিনিয়োগকারিরা।

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১২৪ পড়া হয়েছে

ব্যাংকের ফিক্সড ডিপোজিটে যেখানে বছরে সাধারণত ৯ থেকে ১০ শতাংশের মতো রিটার্ন পাওয়া যায়, সেখানে বাংলাদেশের কয়েকটি মিউচুয়াল ফান্ড শুরু থেকে ১০ শতাংশের বেশি বার্ষিক চক্রবৃদ্ধি রিটার্ন দিয়েছে। সর্বোচ্চ রিটার্ন দেওয়া ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের চক্রবৃদ্ধি বার্ষিক প্রবৃদ্ধি হার (সিএজিআর) ১৯ দশমিক ৬১ শতাংশ।

মিউচুয়াল ফান্ড ট্র্যাকিং প্ল্যাটফর্ম বিনির তথ্য অনুযায়ী, ভিআইপিবি ফিক্সড ইনকাম ফান্ডের পর রয়েছে সিডব্লিউটি ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ড। শুরু থেকে ফান্ডটির সিএজিআর ১৫ দশমিক ৩২ শতাংশ। একুশ ফার্স্ট ইউনিট ফান্ডের ১৩ দশমিক ৭৯ শতাংশ, ইউসিবি ইনকাম প্লাস ফান্ডের ১৩ দশমিক ৫২ শতাংশ, ইনভেস্টিট গ্রোথ ফান্ডের ১১ দশমিক ২৩ শতাংশ এবং এজ এএমসি গ্রোথ ফান্ডের ১০ দশমিক ১১ শতাংশ।

এরপরও দ্রুত মুনাফার আশায় অনেক খুচরা বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ শেয়ারে বিনিয়োগ করছেন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিনিয়োগ সম্পর্কে আর্থিক জ্ঞানের ঘাটতি এর অন্যতম কারণ। তবে মিউচুয়াল ফান্ড খাতে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে তৈরি হওয়া আস্থার সংকটও বিনিয়োগকারীদের এ খাত থেকে দূরে রাখছে।

২০২২ সালের শেষ দিক থেকে সামগ্রিক শেয়ারবাজারে গড় বিনিয়োগকারীদের বড় অংশের মূলধন কমেছে। অবশ্য একই সময়ে কিছু ব্লু-চিপ শেয়ার বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে। বাজারসংশ্লিষ্টরা বলছেন, তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের হাতে বিকল্প সুযোগ ছিল।

কিন্তু অনেক খুচরা বিনিয়োগকারী এখনো বিভিন্ন ‘টিপস’, বাজারের গতি ও দ্রুত দর বাড়ার আশায় শেয়ার কেনাবেচা করেন। এতে অনেক সময় তাদের মূলধনের বড় অংশও হারাতে হয়।

রোববার (৪ সেপ্টেম্বর) শুরু হওয়া বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচিতে আর্থিক শিক্ষা, বিনিয়োগকারীর সুরক্ষা, ডিজিটাল প্রতারণা ও বিনিয়োগের ঝুঁকি নিয়ে আলোচনা হয়। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, আর্থিক জ্ঞান বাড়লে বিনিয়োগকারীরা ঝুঁকি ও সম্ভাব্য রিটার্ন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও জল্পনাভিত্তিক লেনদেনের পার্থক্য করতে পারবেন।

ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের ক্ষতির পেছনে আর্থিক জ্ঞানের ঘাটতি একটি কারণ, তবে এটিই একমাত্র কারণ নয়।

মিউচুয়াল ফান্ড খাতে বছরের পর বছর অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিনিয়োগকারীদের মধ্যে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

শহিদুল ইসলাম বলেন, এই খাতে অনেক লুটপাট হয়েছে। এর ফলে মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে এবং তারা এ খাতে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন।

সাধারণ বিনিয়োগকারীদের অনেকেই মনে করেন, মিউচুয়াল ফান্ডে তাদের অর্থ আত্মসাৎ করা হয়েছে উল্লেখ করে শহিদুল ইসলাম বলেন, আস্থা না থাকলে বিনিয়োগ আসবে কীভাবে?

তার মতে, বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বাড়ানোর পাশাপাশি মিউচুয়াল ফান্ডসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন বলেন, শুধু সেমিনার ও আলোচনা করে বিনিয়োগকারীদের আচরণে বড় পরিবর্তন আনা সম্ভব নয়। আর্থিক শিক্ষার বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বৈশ্বিক মানদণ্ডের আলোকে আর্থিক শিক্ষা দিতে হবে। তবে তা বাংলাদেশের পুঁজিবাজারের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নইলে এসব উদ্যোগ সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের আলোচনায় পুঁজিবাজারের সুশাসন ও দেশের অর্থায়ন কাঠামোর বিষয়টিও উঠে আসে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান নাজুক অবস্থা থেকে পুঁজিবাজারকে ঘুরে দাঁড় করাতে শক্তিশালী সুশাসনের পাশাপাশি বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত স্ব-নিয়ন্ত্রণ প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু এসব পরিবর্তন বাজারে প্রত্যাশিত ফল আনতে পারেনি।

এ কারণে পুঁজিবাজারসহ সামগ্রিক অর্থনীতি একটি ‘গভীর গর্তে’ পড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। সরকার এখন বাজারকে সেই অবস্থা থেকে তুলে আনার চেষ্টা করছে। এ জন্য কঠিন ও কষ্টকর কিছু সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে ব্যাংকঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীল। স্বল্পমেয়াদি আমানত দিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগে অর্থায়ন করা হচ্ছে, যা কাঠামোগত সমস্যা তৈরি করছে।

এ অবস্থা থেকে বের হতে বন্ড মার্কেট, ডেরিভেটিভস, সিকিউরিটাইজেশন ও ইকুইটি মার্কেটের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন বাড়াতে হবে। এই পরিবর্তনকে তিনি ‘হাই স্ট্রিট থেকে ওয়াল স্ট্রিটে’ যাওয়ার সঙ্গে তুলনা করেন।

অর্থমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষে পুঁজিবাজারে পরিবর্তন আনা সম্ভব নয়।

ব্রোকার, স্টক এক্সচেঞ্জ, কেন্দ্রীয় ডিপোজিটরি, ক্রেডিট রেটিং সংস্থা এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলসহ বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পেশাদার মান, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও নৈতিক আচরণ আরও শক্তিশালী করতে হবে।

প্রতিটি বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার অপেক্ষায় না থেকে প্রতিষ্ঠানগুলোকে স্ব-নিয়ন্ত্রণের মাধ্যমে স্বচ্ছতা, আস্থা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, শুধু নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান দিয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়; বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নৈতিক দায়িত্ববোধও থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচিতে বিএসইসি, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা, পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিনিয়োগকারীরা অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com