বিনিয়োগে অনিয়ম ও এমডির অনুপস্থিতি: রেস পরিচালিত ৬ মিউচুয়াল ফান্ডের অচলাবস্থা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৯৭ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক: পরিচালনগত নানা অনিয়ম এবং ট্রাস্টি কমিটির সভায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির (এএমসি) শীর্ষ নির্বাহীর অনুপস্থিতির কারণে ‘রেস এএমসি’ (RACE AMC) পরিচালিত ৬টি মিউচুয়াল ফান্ডের বার্ষিক হিসাবের অনুমোদন টানা দুইবার স্থগিত রেখেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ট্রাস্টি প্রতিষ্ঠানের এমন কঠোর অবস্থানের কারণে ফান্ডগুলোর ২০২৫ ও ২০২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হয়নি। এর ফলে সাধারণ বিনিয়োগকারী তথা ইউনিটহোল্ডাররা তাদের বিনিয়োগের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন।

ক্ষতিগ্রস্ত ফান্ডগুলোর মধ্যে রয়েছে— ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ১ম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড। আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় ফান্ডগুলো টানা দুই বছর ধরে ইউনিটহোল্ডারদের কোনো সভাও (এজিএম) ডাকতে পারছে না।

ইউএফএস কেলেঙ্কারির আতঙ্ক
আইসিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এর আগে ‘ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস’ (ইউএফএস) নামক একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হামজা আলমগীর ট্রাস্টি সভায় সশরীরে উপস্থিত না হয়েও নথিপত্রে স্বাক্ষর করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যান। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে এবার সতর্ক অবস্থান নিয়েছে আইসিবি। নিয়ম অনুযায়ী, ট্রাস্টি সভায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যানের সশরীরে উপস্থিতি এবং আর্থিক প্রতিবেদনে স্বাক্ষর বাধ্যতামূলক। কিন্তু রেস-এর ব্যবস্থাপনা পরিচালক বৈঠকে উপস্থিত না হয়ে শুধু সই করা নথিপত্র পাঠিয়েছেন, যা গ্রহণ করেনি আইসিবি।

বিনিয়োগে বড় ধরনের অনিয়ম

শুধু অনুপস্থিতিই নয়, আইসিবির এই সতর্ক অবস্থানের পেছনে বেশ কিছু বড় আর্থিক অসঙ্গতিও কাজ করছে।
রিজেন্ট স্পিনিং বিতর্ক: রেস দাবি করেছে তারা হাবিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘রিজেন্ট স্পিনিং’-এর করপোরেট বন্ডে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। কিন্তু আইসিবি টাকা ফেরত না পেয়ে মামলা করলে বিবাদী পক্ষ আদালতে জানায়, রেস-কে এই বিনিয়োগের প্রমাণ দিতে হবে। আইসিবি এই সংক্রান্ত ব্যাংক লেনদেনের নথিপত্র চাইলেও রেস তা সরবরাহ করতে পারেনি।
বেস্ট হোল্ডিংসের বন্ডে রূপান্তর বিধি ভঙ্গ: ‘বেস্ট হোল্ডিংস’-এর বন্ডের শর্ত ভেঙে নির্ধারিত ৩৫ টাকার পরিবর্তে ৬৫ টাকা মূল্যে শেয়ার রূপান্তর করা হয়েছে, যা সরাসরি নিয়ম লঙ্ঘন।
মাল্টি সিকিউরিটিজে অবৈধ তহবিল স্থানান্তর: তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিজে বিনিয়োগের ক্ষেত্রে রেস প্রথমে ‘মাল্টি সিকিউরিটিজ’ নামক একটি থার্ড পার্টির অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করে, যা আইনসম্মত নয়। উপরন্তু, সেখানে টাকা খাটানোর পর রেস-এর প্রতিনিধিরা সেই প্রতিষ্ঠানের বোর্ডেও বসেছেন।
এই সামগ্রিক অনিয়মের বিষয়টি আইসিবির পক্ষ থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানো হয়েছে। তবে এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রেস-এর কমপ্লায়েন্স প্রধান মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বিডিশেয়ার/এনটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com