বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩১৪ পড়া হয়েছে

নির্ধারিত সময়ের মধ্যে দুই হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা না দেওয়ায় বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিএলসিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর ৩৩(৩) বিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের আদেশ অনুযায়ী, মিউচুয়াল ফান্ড বিধিমালার ৩৩(৩) বিধিতে হিসাব বছর শেষ হওয়ার তিন মাসের মধ্যে সম্পদ ব্যবস্থাপককে সংশ্লিষ্ট হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী কমিশন, ট্রাস্টি ও হেফাজতকারীর কাছে দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিএলসি ৩০ জুন ২০২২ এবং ৩০ জুন ২০২৩ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়নি।

নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কার্যক্রম শুরু করে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ। এর ধারাবাহিকতায় ২ জুন ২০২৬ বাংলাদেশ রেস ম্যানেজমেন্টকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। নোটিসে ২২ জুন ২০২৬ অনুষ্ঠিতব্য শুনানিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছিল।

পরবর্তীতে কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পরিবর্তন করে ২৭ জুলাই নির্ধারণ করা হয়। ওই শুনানিতে বাংলাদেশ রেস ম্যানেজমেন্টের পক্ষে প্রতিষ্ঠানের ইভিপি ও সিইও (চলতি দায়িত্ব) একেএম মামুনুর রশীদ এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাকাউন্টস মোহাম্মদ আরিফুল ইসলাম অংশ নেন। তারা অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তবে তাদের দেওয়া ব্যাখ্যা কমিশনের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।

এরপর পুঁজিবাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৮ ধারায় দেওয়া ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিএলসিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। আদেশ জারির ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ডের টাকা জমা না দিলে সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশনের আদেশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রেস ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগে একই বিষয়ে যে কারণ দর্শানোর কার্যক্রম হয়েছিল, সেখানে প্রতিষ্ঠানটির দেওয়া ব্যাখ্যা এবং পরবর্তী নিষ্পত্তির বিষয়টি বিবেচনায় না নিয়েই নতুন করে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিটি মিউচুয়াল ফান্ডের জন্য বছরে ১৭০টিরও বেশি প্রতিবেদন কমিশন, ট্রাস্টি, কাস্টডিয়ান এবং অন্যান্য অংশীজনের কাছে দাখিল করে তারা।

রেস ম্যানেজমেন্ট আরও জানিয়েছে, গত পাঁচ হিসাব বছরে তাদের ব্যবস্থাপনায় থাকা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মোট ৫৭টি নিরীক্ষিত আর্থিক বিবরণী কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। এসব তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি নিজেদের বক্তব্য কমিশনের কাছে উপস্থাপন করে।

তবে রেস ম্যানেজমেন্টের দেওয়া ব্যাখ্যা ও উপস্থাপিত তথ্য কমিশনের কাছে গ্রহণযোগ্য হয়নি। বিএসইসির আদেশে বলা হয়েছে, কোম্পানির বক্তব্য পর্যালোচনা করে অভিযোগগুলো সঠিক এবং ইচ্ছাকৃত বলে প্রতীয়মান হয়েছে। কমিশনের বিবেচনায় এ ধরনের কর্মকাণ্ড পুঁজিবাজারের উন্নয়ন ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সবশেষে কমিশন সিদ্ধান্তে পৌঁছায়, বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট পিএলসি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর ৩৩(৩) বিধি লঙ্ঘন করেছে। বিএসইসির আদেশে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৮ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com