আমদানি ব্যবসায় বড় কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ কমাতে কয়েক শ বেসরকারি বিনিয়োগকারীকে যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি ও ভোজ্যতেলসহ কিছু নিত্যপণ্য আমদানিতে বিপুল অর্থের প্রয়োজন হয়। একটি জাহাজে পণ্য আমদানি করতেই শতকোটি টাকার বেশি বিনিয়োগ করতে হয়। ফলে সাধারণ ব্যবসায়ীদের পক্ষে এ ব্যবসায় প্রবেশ করা কঠিন।
দীর্ঘদিন ধরে বিপুল মূলধনের প্রয়োজনীয়তার কারণে নিত্যপণ্যের আমদানি ব্যবসা মুষ্টিমেয় কয়েকটি প্রতিষ্ঠানের হাতে সীমাবদ্ধ রয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে টিসিবির আওতায় নতুন পিপিপি ট্রেডিং কার্যক্রম চালুর পরিকল্পনা করছে সরকার।
৫০ লাখ বা ১ কোটি টাকা বিনিয়োগের সুযোগ
পরিকল্পনাটি ব্যাখ্যা করতে চিনির একটি চালান আমদানির উদাহরণ দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, টিসিবি যদি ২০০ কোটি টাকার চিনি আমদানি করতে চায়, তাহলে বেসরকারি খাত থেকে ২০০ বা ৪০০ জন বিনিয়োগকারীকে আহ্বান করা হবে। প্রত্যেকে ৫০ লাখ বা ১ কোটি টাকা বিনিয়োগ করে ওই চালান আমদানিতে অংশ নিতে পারবেন।
টিসিবি পণ্য আমদানি করে বাজারমূল্যে বিক্রি করবে। বিক্রির পর বিনিয়োগকারীরা তাঁদের প্রাপ্য মুনাফার অংশ পাবেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিপুল মূলধনের প্রয়োজন হয় এমন নিত্যপণ্যের আমদানি ব্যবসা দীর্ঘদিন ধরে আট, ১০ বা ১৫টি ব্যবসায়িক গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ রয়েছে। নতুন ব্যবস্থার মাধ্যমে অন্তত কয়েক শ বিনিয়োগকারীকে এ ব্যবসায় যুক্ত করতে চায় সরকার।
তবে এই ব্যবস্থা কবে চালু হবে, বিনিয়োগকারী কীভাবে নির্বাচন করা হবে এবং মুনাফা বণ্টনের নিয়ম কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মন্ত্রী।
এক কোটি পরিবারকে টিসিবির সুবিধা দেওয়ার লক্ষ্য
সংসদে বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে টিসিবির মাধ্যমে প্রায় ৭৮ লাখ পরিবারকে প্রতি মাসে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল ও চিনি দেওয়া হচ্ছে। সরকার এ সুবিধা এক কোটি পরিবারের কাছে পৌঁছে দিতে চায়।
ভবিষ্যতে টিসিবির মাধ্যমে সরবরাহ করা পণ্যের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এর আগে সংসদ সদস্য নাজমুন নাহার বলেন, চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, ডিম, মাছ ও মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, শ্রমজীবী মানুষ এবং সীমিত আয়ের প্রবীণদের জন্য নিত্যপণ্যের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে।
বাজারে কৃত্রিম সংকট, অবৈধ মজুত ও কারসাজি বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে না যায়, সে জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত তদারকি করছে।
কয়েকটি নিত্যপণ্যের দাম কমেছে, বেড়েছে খেজুরের
সংসদে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের ১২ নভেম্বরের কয়েকটি নিত্যপণ্যের বাজারদরের তুলনামূলক তথ্য তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।
তিনি জানান, ২০২৪ সালের ১২ নভেম্বর বড় দানার মসুর ডালের দাম ছিল কেজিতে ১০৫ থেকে ১১০ টাকা। ২০২৫ সালে ছিল ৯০ থেকে ১১০ টাকা। চলতি বছরের একই দিনে দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা।
মাঝারি দানার মসুর ডালের দাম ২০২৪ সালে ছিল ১১০ থেকে ১২০ টাকা, ২০২৫ সালে ১২৫ থেকে ১৪০ টাকা এবং চলতি বছর ১১৫ থেকে ১২০ টাকা।
ছোলার দাম ২০২৪ সালে কেজিতে ১৩০ থেকে ১৪০ টাকা থাকলেও ২০২৫ সালে কমে ১০০ থেকে ১১০ টাকা হয়। চলতি বছর তা ছিল ১১০ থেকে ১২০ টাকা।
চিনির দাম ২০২৪ সালের ১২ নভেম্বর কেজিতে ১২৮ থেকে ১৩৫ টাকা ছিল। ২০২৫ সালে তা কমে ৯৫ থেকে ১১০ টাকা হয়। চলতি বছরের একই দিনে দাম ছিল ১১০ থেকে ১১৫ টাকা।
তবে সব পণ্যের দাম কমেনি। বাণিজ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণ মানের খেজুরের দাম ২০২৪ সালে কেজিতে ২৫০ টাকা থাকলেও বর্তমানে তা বেড়ে ৩৫০ টাকা হয়েছে।
মন্ত্রী বলেন, কিছু পণ্যের দাম দুই বছর আগের তুলনায় কমেছে। আবার কিছু পণ্যের দাম আগের বছরের তুলনায় বেড়েছে।
রমজানে পণ্যের সরবরাহ নিয়ে আশাবাদ
সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নাজমুন নাহার কৃষক ও ভোক্তার মধ্যে পণ্যের দামের ব্যবধান কমাতে সরকারের পদক্ষেপ জানতে চান। একই সঙ্গে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের পরিকল্পনা সম্পর্কেও প্রশ্ন করেন।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার প্রধান উপায় হলো চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা।
আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সন্তোষজনক থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।