ব্যাংক খাতে তারল্য ৪ লাখ কোটি টাকা ছাড়ালো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪২৫ পড়া হয়েছে

ব্যবসা ও বিনিয়োগে স্থবিরতা, খেলাপি ঋণের উচ্চ হার এবং ঋণ বিতরণে ব্যাংকগুলোর বাড়তি সতর্কতার কারণে দেশের ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য নতুন রেকর্ড গড়েছে। গত জুন শেষে প্রথমবারের মতো ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা। এর আগের মাস মে শেষে এ পরিমাণ ছিল ৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা। অর্থাৎ, এক মাসেই উদ্বৃত্ত তারল্য বেড়েছে ৭১ হাজার কোটি টাকা।

এক বছর আগে, ২০২৫ সালের জুনে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ছিল ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা। আর ২০২৪ সালের জুনে ছিল ১ লাখ ৯৩ হাজার ৯৬৪ কোটি টাকা। ২০২৩ সালের জুনে এ পরিমাণ ছিল ১ লাখ ৬৬ হাজার ২৭২ কোটি টাকা।

ব্যাংকারদের মতে, গ্যাস ও বিদ্যুৎ সংকট, অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা এবং অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশের কারণে উদ্যোক্তাদের নতুন বিনিয়োগের আগ্রহ কমেছে। পাশাপাশি খেলাপি ঋণ বাড়তে থাকায় ব্যাংকগুলোও ঋণ বিতরণে ঝুঁকি নিতে চাইছে না। এর প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে, যা কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে।

 

অন্যদিকে, মানুষের হাতে থাকা নগদ অর্থের একটি অংশ ধীরে ধীরে ব্যাংকে ফিরছে। তবে আমানতের বড় অংশ যাচ্ছে তুলনামূলকভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য কয়েকটি ব্যাংকে। এসব ব্যাংকও নতুন ঋণ দেওয়ার পরিবর্তে ঝুঁকিমুক্ত সরকারি ট্রেজারি বিল ও বন্ডে অর্থ বিনিয়োগকে বেশি নিরাপদ মনে করছে।

 

তবে ব্যাংক খাতে যে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা উদ্বৃত্ত তারল্য রয়েছে, তার পুরোটাই নগদ অর্থ নয়। এর বড় একটি অংশ বিভিন্ন ধরনের বিল ও বন্ডে বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে ব্যাংকগুলোকে তলবি ও মেয়াদি দায়ের ১৩ শতাংশ বিধিবদ্ধ তারল্য অনুপাত এবং ৪ শতাংশ নগদ জমা সংরক্ষণ করতে হয়। এসব বাধ্যতামূলক সংরক্ষণের অতিরিক্ত অর্থকে উদ্বৃত্ত তারল্য হিসেবে বিবেচনা করা হয়। প্রয়োজন হলে বিল ও বন্ডে বিনিয়োগ করা অর্থও দ্রুত নগদে রূপান্তর করা সম্ভব।

 

ব্যাংকাররা বলছেন, বিনিয়োগের চাহিদা না বাড়লে এর নেতিবাচক প্রভাব শিল্প উৎপাদনের ওপরও পড়তে পারে। গ্যাস-বিদ্যুৎ সংযোগের সংকট এবং অবকাঠামোগত সমস্যার সমাধান না হলে উদ্যোক্তাদের মধ্যে নতুন করে ঋণ নেওয়ার আগ্রহ তৈরি করা কঠিন হবে।

বিনিয়োগ ও ঋণের প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক গত মে মাসে কম সুদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। তবে এখন পর্যন্ত এতে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি। এর পাশাপাশি নীতি সুদহার ৫০ ভিত্তি পয়েন্ট কমিয়ে সাড়ে ৯ শতাংশ করা হয়েছে। সম্প্রতি ঋণ ও আমানতের সুদহারের ব্যবধানও সর্বোচ্চ ৪ শতাংশে সীমাবদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে করোনাভাইরাস মহামারির সময় ঋণের চাহিদা কমে যাওয়ায় ১২টি প্রণোদনা প্যাকেজের আওতায় ৯৪ হাজার ২৫০ কোটি টাকা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখনও ঋণ প্রবৃদ্ধি প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। এর ফলে ২০২১ সালের শেষে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে ২ লাখ ৩১ হাজার ৭১১ কোটি টাকায় পৌঁছায়, যা তখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে উদ্বৃত্ত তারল্য নতুন উচ্চতায় উঠেছে।

 

বিডিশেয়ার/এনটি

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com