শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডসের মুনাফার সত্যতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। কোম্পানিটি ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি ১১ দশমিক ৮১ টাকা মুনাফা দেখিয়েছে। বিপরীতে একই সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ হয়েছে মাত্র ১ দশমিক ৯০ টাকা। অর্থাৎ কাগজে-কলমে মুনাফা প্রায় ১২ টাকা দেখালেও ব্যবসা থেকে নগদ অর্থ এসেছে খুবই কম। এই সত্য লুকাতে শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের তুলনায় নামমাত্র লভ্যাংশ নেবে উদ্যোক্তা/পরিচালকেরা।
কারসাজির কোম্পানিটির শেয়ারদর বর্তমানে ৪৭১ টাকা ৪০ পয়সায় রয়েছে। এ অবস্থায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফাইন ফুডস। আর উদ্যোক্তা/পরিচালকেরা নেবে ৫ শতাংশ। কারণ কোম্পানিটির সবাইকে ৪০ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই। এ কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে শেয়ারপ্রতি নগদ অর্থ এসেছে মাত্র ১ টাকা ৯০ পয়সা।
২০২৫-২৬ অর্থবছরে ফাইন ফুডসের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১১ দশমিক ৮১ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ দশমিক ২০ টাকা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪ দশমিক ১৮ টাকা। সে বছর সাধারণ শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
এদিকে মুনাফা ও নগদ প্রবাহের এমন বড় ব্যবধানকে স্বাভাবিক ব্যবসায়িক প্রবৃদ্ধির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গত কয়েক বছর ধরে কোম্পানিটির আর্থিক হিসাবের বিভিন্ন তথ্যের সত্যতা নিয়ে নিরীক্ষক আপত্তি জানিয়ে আসছেন। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবেও বেশ কিছু লেনদেন ও সম্পদের অস্তিত্ব এবং মূল্য নিয়ে নিরীক্ষক পর্যাপ্ত প্রমাণ পাননি।