সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব মো. আবদুর রহমান খানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগের মেয়াদ তিন বছর কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. আবদুর রহমান খানকে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ-সংশ্লিষ্ট কনস্টিটুয়েন্সির জন্য ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট এনবিআর চেয়ারম্যান ও আইআরডি সচিব হিসেবে দায়িত্ব নেন। সরকারি চাকরির নিয়মিত মেয়াদ পূর্ণ হওয়ায় ২০২৬ সালের জুনে তিনি অবসরে যান।
আবদুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত ডিগ্রি নিয়ে এফসিএমএ সনদ লাভ করেন। তিনি বিসিএস (কর) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।