আমানত পাচ্ছেন মুনাফা নয়।

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৬ পড়া হয়েছে

বিডিশেয়ার ডেস্ক : একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ আমানতকারীরা তাঁদের আমানতের মূল টাকা এককালীন উত্তোলনের সুযোগ পাচ্ছেন। তবে মূল টাকার সঙ্গে কোনো মুনাফা দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় অ-প্রাতিষ্ঠানিক বা সাধারণ ব্যক্তি আমানতকারীরা তাঁদের চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের শুধু আসল টাকা উত্তোলন করতে পারবেন। তবে এসব আমানতের বিপরীতে প্রাপ্য বা অর্জিত মুনাফা এ সুবিধার আওতায় দেওয়া হবে না।

অর্থাৎ, হস্তান্তরকারী ব্যাংকে গ্রাহক যে পরিমাণ অর্থ জমা রেখেছিলেন, সেই মূল টাকা ফেরত পাবেন। তবে ওই টাকার ওপর জমা হওয়া বা পাওনা মুনাফা এখনই উত্তোলন করা যাবে না।

টাকা নিলে আর দাবি করা যাবে না

মূল টাকা উত্তোলনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো আমানতকারী এ সুবিধা গ্রহণ করলে সেটিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষ থেকে তাঁর পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। পরবর্তী সময়ে ওই হিসাবের বিপরীতে আর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া আমানতের টাকা পরিশোধের আগে হস্তান্তরকারী ব্যাংকের কাছে সংশ্লিষ্ট গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে। অর্থাৎ, কোনো বকেয়া থাকলে সেটি বাদ দিয়ে অবশিষ্ট টাকা গ্রাহককে দেওয়া হবে।

৭ সেপ্টেম্বর থেকে টাকা ফেরত

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা টাকা উত্তোলনের জন্য ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের সম্পূর্ণ মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়নের সুযোগ দেওয়া হবে।

ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি, মুদারাবা সঞ্চয়ী, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন হিসাবের গ্রাহকেরা এ সুবিধা পাবেন।

তবে হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে।

গ্রাহকের আস্থা ফেরাতে বিশেষ উদ্যোগ

টাকা পরিশোধ কার্যক্রমকে কেন্দ্র করে গ্রাহকদের আস্থা ফেরাতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিন শাখা ও উপশাখাগুলো সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে অভ্যর্থনা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা দিতে বলা হয়েছে। শাখাগুলোতে পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি গ্রাহকসেবার মান ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাঁচ ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক

বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে আর্থিক সংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট আমানতের পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। পাঁচ ব্যাংকের মোট ঋণের প্রায় ৮৬ শতাংশই খেলাপি।
২০২৫ সালের নভেম্বরে সরকারি মালিকানায় যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগ থেকে আরও
© All rights reserved © 2026 BD Share24.com